বরিশালের বানারীপাড়া বন্দর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জানা যায়, বন্দর বাজারের ইয়াতিম খানার শিশুরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মুরগী পট্টীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় বাজারের ঘর মালিক ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই জাহিদ হোসেনের স্যানিটারি, দিলীপ শীলের স্যালুন ও জুয়েল মোল্লার জুয়েলার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও দিপু মাঝির পোল্ট্রি মুরগী ও মানিক শীলের স্যালুন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত ঘর মালিক ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।
ইত্তেফাক/জামান
