রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে ২ হাজার ৩১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। এর আগে দলের নির্দেশনা না মেনে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা করায় ভাতিজা আসিফকে জাপা থেকে বহিষ্কার করেন এরশাদ।
দলীয় সূত্রে জানা যায়, জাপা থেকে মেয়র পদে লাঙল প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়ে ৮ মাস আগে থেকে পারিবারিকভাবে চেষ্টা করেন আসিফ শাহরিয়ার। সে সময় নিজেকে জাপার প্রার্থী হিসেবে প্রচারণাও চালান তিনি। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে এক জনসভায় রংপুরের মেয়র পদে মোস্তাফিজার রহমান মেস্তফার নাম ঘোষণা করেন এরশাদ। এরপরও নিজেকে জাপার প্রার্থী হিসেবে পরিচয় দেওয়ার কারণে গত ৮ ডিসেম্বর ভাতিজা আসিফকে দল থেকে বহিষ্কার করেন এরশাদ।
নির্বাচনের ফল ঘোষণার প্রতিক্রিয়া জানতে শুক্রবার দুপুরে হোসেন মকবুল শাহরিয়ার আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বুঝতে পারছি না যে কি কারণে আমি এতো কম ভোট পেয়েছি। এ ব্যাপারে আমি কাউকে দোষারোপও করতে চাই না।
ইত্তেফাক/আরকেজি
