সড়ক দুর্ঘটনায় রাজশাহী, মাগুরা ও নড়াইলে তিন ব্যবসায়ী, সিলেট অটোরিকশাযাত্রী এবং খাগড়াছড়িতে বৃদ্ধা নিহত হয়েছেন। এদিকে টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে ২ নারী মারা গেছেন।
রাজশাহী: গোদাগাড়ী উপজেলার কামারপাড়ায় শুক্রবার দুপুর ২টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মুরগী ব্যবসায়ী জুয়েল রানা (২৭) নিহত হয়েছেন। তিনি উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি।
মাগুরা: মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার হাজামতলা নামকস্থানে দুপুরে সড়ক দুর্ঘটনায় জাবেদ হোসেন (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। জাবেদের বাড়ি শালিখার পোড়াগাছি গ্রামে। তার উপজেলা সদর আড়পাড়া বাজারে একটি ওষুধের দোকান আছে।
ওসমানীনগর (সিলেট): বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পাথরভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চলন্ত ট্রাক ধাক্কা দিলে হেলপার মারা যান। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
লোহাগড়া (নড়াইল): যশোর-নড়াইল-কালনা সড়কের বসুপটি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গরু ব্যবসায়ী নাম হাফিজুর শেখ। উপজেলার কাশিপুর ইউপির চর সারুলিয়া গ্রামের শাহাদৎ শেখের ছেলে।
কালিহাতী (টাঙ্গাইল): উপজেলার যদুরপাড়া মোড়ে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)।
রামগড় (খাগড়াছড়ি): মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গলে জোহরা খাতুন (৬২) নামে এক বৃদ্ধার। শুক্রবার সকাল ১০টার দিকে ডাকবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ডাকবাংলা গ্রামের মৃত আবদুস ছামাদের স্ত্রী।
ইত্তেফাক/আরকেজি
