বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি, ইঞ্জিনিয়ার এবং বীর রেজিমেন্টের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার ও স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান এ কালার প্রদান করেন।
সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ২০, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন) কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। উক্ত রেজিমেন্টাল কালার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মতিউল ইসলাম মন্ডল।
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর কোন ইউনিটকে এবারই সর্বপ্রথম রেজিমেন্টাল কালার প্রদান করা হলো। সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোন ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবজনক।
অনুষ্ঠানে জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিটসমূহের অবসরপ্রাপ্ত ও চাকরিরত প্রাক্তন অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
