আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১২

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২০:৫৪
 
সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের সমর্থকদের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে শনিবার সকাল সাড়ে আটটার দিকে মাঝারদিয়া গ্রামে দুই পক্ষের শতাধিক সমর্থক দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১২জন আহত হয়।
 
সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি