ঝিনাইদহে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা। এছাড়াও প্রেসক্লাবের সম্পাদক শেখ সেলিম, নব-নির্বাচিত সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বক্তব্য রাখেন।
 
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য ইত্তেফাক এখনও পাঠকপ্রিয় পত্রিকা। বাংলাদেশ প্রতিষ্ঠায় ইত্তেফাকের ভূমিকা ছিল স্মরণীয়। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
 
ইত্তেফাক/কেআই