ব্রাহ্মণবাড়িয়ায় ৫ গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমির সম্মননা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ০০:২৭

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে “জেলা শিল্পকলা একাডেমি সম্মননা ২০১৬” প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), দেশবরেণ্য কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস. আর. এম ওসমান গনি সজীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী সদস্য আলেয়া জাহান তৃপ্তি।

“জেলা শিল্পকলা একাডেমি সম্মননা ২০১৬” পেয়েছেন নাট্যকলায় প্রফেসর আবদুন নূর, লোকসংস্কৃতিতে কবি জয়দুল হোসেন, যন্ত্র সংগীতে সাধন চন্দ্র ভৌমিক, ফটোগ্রাফিতে নরেশ চন্দ্র ভৌমিক, কন্ঠ সংগীতে পিযুষ কান্তি আচার্য্য।

অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, যে জাতি সংস্কৃতিতে সমৃদ্ধ সে জাতি তত বেশি উন্নত। বিশ্বের উন্নত দেশগুলোকে সংস্কৃতির দেশ বলা হয়। তাই আমাদের সংস্কৃতিকে সকল স্থানে ফুটিয়ে তুলতে হবে।

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/নূহু