বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোররাতে রাজশাহী শহরের ওপারে হাজিরবাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
আটক বিএসএফ সদস্যরা হলেন- এসআই হরনাথ সিং এবং কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমার। তারা ভারতের হাড়ুডাঙা ক্যাম্পে কর্মরত। বাংলাদেশে আটকের পর তাদের চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতেই রাখা হয়েছে। সেখানকার সুবেদার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আটক বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়েছে। তবে পতাকা বৈঠকের পর বিএসএসফ জওয়ানদের ফেরত পাঠানো হবে। ফেরত দেয়া হবে তাদের অস্ত্রগুলোও।
সুবেদার আবু তালেব বলেন, হাজিরবাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। তাই সেখান দিয়ে গরু আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার ভোররাতে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে জিরোলাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার ঢুকে পড়েন।
এ সময় স্থানীয়রা খবর দিলে বিজিবি সদস্যরা গিয়ে তাদের আটক করে। তবে আরও কয়েকজন বিএসএফ সদস্য পালিয়ে ভারতে চলে গেছেন। কতজন পালিয়েছেন তা কুয়াশার কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই তিনজনকে আটকের পর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, কুয়াশায় পথভুলে বিএসএফ জওয়ানরা বাংলাদেশে ঢুকে পড়েছিল। এরপর তাদের আটক করা হয়েছে। বিষয়টি বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হবে।
ইত্তেফাক/এএম।
