রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুলতানগঞ্জ-ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার নাম হাসিবুল ইসলাম (১১)।
হাসিবুল উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। সে সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকের চালককেও।
গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুপুরে হাসিবুল বাইসাইকেলে চড়ে চাচার বাড়ি যাচ্ছিল। পথে বাইসাইকেলের চেন পড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে বাইসাইকেল দাঁড়িয়ে ছিল। তখন চাঁপাইনবাবগঞ্জগামী ওই ট্রাকটি তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসিবুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককেও আটক করা হয়েছে। নিহত হাসিবুলের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা নেয়া হবে বলে ওসি জানান।
ইত্তেফাক/এএম।
