টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের অভিযান, গ্রেফতার ১৭

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৫
টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ১৭ আসামিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত, জুয়াড়ি এবং নারী সদস্য রয়েছে।
 
রবিবার দিবাগত রাতে পুলিশ মির্জাপুর পৌরসভা ও অপর ১৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
আজ সোমবার মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের নামে বিভিন্ন অভিযোগে মামলা থাকা সত্ত্বেও তারা আত্মগোপনে থেকে এলাকায় নানা অপরাধমূলক কাজ করে আসছিল। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার রাতে মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে পৌরসভা ও ১৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযানে নামেন। এ সময় পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- মাঝালিয়া গ্রামের মোতালেব মিয়া (৫০), সবুর আলী (২৬), পুষ্টকামুরী গ্রামের দেলোয়ার (৩০), শিউলী বেগম (৩০), গোড়াই গ্রামের রবিন (২৫), সজিব হোসেন (২৫), সাগর আলী (২৮), রাজিব (৩০), লুৎফর রহমান (৫৬), গোড়াইল গ্রামের জুয়েল (৩২), ছাওয়ালী গ্রামের মোয়াজ্জেম (২৮), মহেড়া গ্রামের সুরুজ আলী (২৭), গবড়া গ্রামের সুলতান মিয়া (৪০), সাত্তার মিয়া (২৯), কাটরা গ্রামের রফিকুল ইসলাম (২৬) এবং করটিয়া এলাকার শাহীন (২৬)।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকার আইনশৃংখলার উন্নয়নের জন্য অপরাধীদের ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় চিরুনী অভিযানে নেমেছে।গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই