হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জে যাত্রীবাহী একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় সাখোয়াত মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, নিহত দম্পতি ওমরা হজ্ব পালনের জন্য দেশ ট্রাভেলর্সের একটি কোচে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। কোচটি উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হন। আজ সোমবার দুপুরে নিহতের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
