অসদাচরণের অভিযোগে ওসি ক্লোজড

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৯
 
অসদাচরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজকে পুলিশ লাইনে তাৎক্ষণিক ক্লোজড করা হয়েছে। সোমবার সকালে তাকে ক্লোজড করা হয়।
 
জানা গেছে, বড়দিন উপলক্ষে শহরের বিবি রোড সাধু পৌলের গীর্জায় সকালে ডিসি এসপির আগমনের অাগে ফুটপাত দখল মুক্ত ও নিয়মিত নজরদারী রাখতে ওয়্যারলেসে তাকে নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান। তখন পাল্টা ম্যাসেজে সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ মন্তব্য করেন, ‘সদর ওসি হয়েছি বলে আমাকে ফুটপাতও দেখতে হবে নাকি?’ এরপর তাৎক্ষণিক পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান নগরীর বিবি রোডস্থ সাধু পৌলের গীর্জায় এসে শুভ বড়দিনের নিরাপত্তায় নিয়োজিত সদর মডেল থানার ওসিকে ‘বেয়াদব’ বলে শাসিয়ে তাকে পুলিশ সুপারের নির্দেশে সাময়িক প্রত্যাহারের কাগজ বুঝিয়ে দেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি