অাটক তিন বিএসএফ সদস্যকে ফেরত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭
 
রাজশাহী সীমান্তে আটক তিন সদস্যকে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে এই পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফের অবৈধ অনুপ্রবেশের কড়া প্রতিবাদ জানানো হয়। এরপর আটক বিএসএফ সদস্যদের ফেরত পাঠানো হয়। বিএসএফ কর্মকর্তারা তাদের সঙ্গে করে নিয়ে যান।
 
এর আগে সোমবার ভোররাতে রাজশাহী শহরের ওপারে পবা উপজেলার হাজির বাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা বিএসএফ জওয়ান এসআই হরনাথ সিং, কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমারকে আটক করে। তারা ভারতের হাড়ুডাঙা ক্যাম্পে কর্মরত। বাংলাদেশে আটকের পর তাদের চর মাঝাড়দিয়াঢ় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়।
 
সেখানকার সুবেদার আবু তালেব জানান, হাজির বাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। তাই সেখান দিয়ে গরু আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার ভোরে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে জিরোলাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার ঢুকে পড়েন। এ সময় স্থানীয়রা খবর দিলে বিজিবি সদস্যরা গিয়ে তাদের আটক করে।
 
ইত্তেফাক/আরকেজি