মির্জাপুরে ২ বাসের সংঘর্ষ, আহত সিআইডির টাকা লুট

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩
 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হন মো. শরিফুল ইসলাম শরিফ (৪৬) নামে এক সিআইডির পুলিশ কন্সটেবল। তার অর্ধলক্ষাধিক টাকা লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার গোড়াই হাটুভাঙ্গা জোরপুকুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
হাইওয়ে পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে টাঙ্গাইলগামী একটি নিরালা পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন খবর পেয়ে উদ্ধার কাজ চালায়।
 
এ সময় মহাসড়কের উভয় দিকে অন্তত ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আহতদের মধ্যে একজন ঢাকা সিআইডির প্রধান কার্যালয়ের পুলিশ কন্সটেবল শরিফ (৪৬)। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বরুহার গ্রামে বলে জানা গেছে। কর্মস্থল থেকে তিনি ছুটিতে গ্রামের বাড়ি আসছিলেন। 
 
কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন শরিফ অভিযোগ করেন, দুর্ঘটনায় তিনি আহত হলে কয়েকজন দুর্বৃত্ত উদ্ধারের নামে তার কাছ থেকে ৫০ হাজার টাকাসহ মালামাল লুটে নেয়।তার মতে, আহত অনেক যাত্রীর টাকা ও মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহতদের উদ্ধার করে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিআইডির পুলিশ কন্সটেবলের টাকা লুটের কথা তিনি জানতে পারেননি বলে জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে