মধুখালীতে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২০:১৫
 
মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাসের বাড়িতে রবিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল প্রতিবেশী চিত্ত সরকারের বাড়িতেও হানা দেয়। 
 
বিজয় বিশ্বাস বলেন, ৮/১০ জনের একটি ডাকাত দল রাত ১টায় বারান্দার গ্রিল কেটে আমাদের ঘরে ঢুকে। এসময় অমার বাবা ডা. বিনয় বিশ্বাসকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চল্লিশ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও দামি কাপড় চোপড় নিয়ে যায়।
 
অন্যদিকে ডাকাতরা চিত্ত সরকারের বাড়ির নারীদের মারধোর করে এবং নগদ ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। 
 
বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার গভীর রাতে উলুকান্দা গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে।  
 
এ ব্যাপারে মধুখালী থানার এসআই মো. জালালউদ্দিন বলেন, ডাকাতি হওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতরা বাড়ির টিউবওয়েলে আগেই চেতনানাশক ঔষধ মিশিয়ে রেখেছিল। সেই পানি খেয়ে সবাই গভীর ঘুমে নিমগ্ন ছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/এমএ