বোমা বানাতে গিয়ে আহত যুবক গৌরনদীতে আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২২:১৪

বোমা বানাতে গিয়ে বাম হাত থেতলে কব্জি উড়ে যাওয়া যুবক আশিক সিকদারকে গোপনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

জানা গেছে, রবিবার সন্ধ্যা সাতটার দিকে মাদারীপুর জেলার কালকিনির সিটিখান এলাকার আজাদ মেম্বারের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে বসে আশিক সিকদার (২১) বোমা বানাতে গিয়ে গুরুতর আহত হয়। বোমার আঘাতে আশিকের বাম হাত থেতলে কব্জি উড়ে যায়। আশিক ওই এলাকার খুনেরচর গ্রামের ইউনুস সিকদারের পুত্র।

ঘটনার পর গুরুতর আহত আশিককে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। গৌরনদী মডেল থানার এসআই মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ চিকিৎসাধীন অবস্থায় আশিককে আটক করেছে।
 
কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন-অর রশিদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে।

ইত্তেফাক/নূহু