বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে অশালীন ও আপত্তিকর স্লোগান ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সম্মেলন পণ্ড করে দেওয়ার ঘটনায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আজাদ হাজারী আঙ্গুরসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। দায়েরকৃত মামলার তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় ২৪ ডিসেম্বর রবিবার জুডিশিয়াল ম্যজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ পরোয়ানা জারি করেন। মামলার আসামি আজাদ হাজারী আঙ্গুর, সেলিম মোল্লা, জামাল নাগর ও অলিউর রহমানের বিরুদ্ধে সি আর ৯৫/১৭, দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় উক্ত পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর সুহিলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন চলাকালে আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাজির হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। সে সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্তী শেখ হাসিনার নামে বিভিন্ন অশালীন শ্লোগান দিয়ে সম্মেলনের মঞ্চে চড়াও হয়। এ সময় মঞ্চের টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও টেবিলে প্রদর্শিত ফুলের তৈরী নৌকার প্রতিকৃতি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
