সাভারে এক বখাটের ধর্ষণের শিকার হয়েছে এগার বছরের এক শিশু। এ ঘটনায় ধর্ষণকারী বখাটে আমিনুল ইসলাম বাবুকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার শিশুটির বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষক বাবুর বাবা সানাউল্লাকে আটক করে থানায় নিয়ে আসে।
ধর্ষিতার পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা চায়ের দোকান করে এবং রাজাঘাট এলাকায় মান্নান মেম্বারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। শিশুটি রংপুর জেলার মিঠাপুকুর থানার ছিরামপুর গ্রামের একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করে। কিছুদিনের জন্য বাবা-মায়ের কাছে সাভারে বেড়াতে আসে।
রবিবার রাতে শিশুটি সানাউল্লার চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল। এসময় বখাটে আমিনুল ইসলাম বাবু রাস্তা থেকে শিশুটির মুখ চেপে ধরে একটি বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা বাবুকে আটক করলেও সানাউল্লা প্রভাব খাটিয়ে ছেলেকে ছাড়িয়ে নেয়। এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সোমবার সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করলে পুলিশ ধর্ষকের বাবা সানাউল্লাকে আটক করে।
সাভার মডেল থানার এসআই আবুল কাসেম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ ও ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের বাবাকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
