যশোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ট্রাক ভস্মীভূত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৩

যশোর-মাগুরা মহাসড়কের উপশহর এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গ্যারেজে থাকা অন্তত ৭টি ট্রাক ও কাভার্ড ভ্যান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরও দু’টি ট্রাক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বেনাপোল থেকে আসা কেমিক্যাল ভর্তি একটি কাভার্ড ভ্যান ঝালাই করা হচ্ছিল স্থানীয় বিপুলের গ্যারেজে। এসময় আগুনের ফুলকি ছুটে কাভার্ড ভ্যানটিতে আগুন লাগে। দ্রুত তা অন্যান্য যানবাহনগুলোতেও ছড়িয়ে পড়ে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। যশোর, ঝিকরগাছা, মনিরামপুর ও অভয়নগরের ফায়ার স্টেশনগুলো অগ্নিনির্বাপনের কাজে অংশ নেয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, কাভার্ড ভ্যানে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে অনেক সময় লেগেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যশোর-মাগুরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু’ধারে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ইত্তেফাক/নূহু