নলছিটিতে খাল দখল করে মত্স্য চাষ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ০১:৩৩

নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়ার হতে দেওপাশা গ্রামের সরকারি সংযোগ খাল দখল করে মত্স্য চাষের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, নলছিটি পৌর এলাকার ব্যবসায়ী মো. আখতার হোসেন ও স্থানীয় ৩/৪ জন যুবক মলোয়ার গ্রামে প্রায় ৫শ শতাংশ কৃষি জমি লিজ নিয়ে মত্স্য খামার প্রতিষ্ঠা করেন ২০১৫ সালে। এরপরই ওই খামার সংলগ্ন মালোয়ার হতে তেওলা খালে বাঁধ নির্মাণ করে মত্স্য খামারের পরিধি সম্প্রসারণ করেন। ফলে ওই খাল সংলগ্ন হাজার হাজার একর সম্পত্তিতে বোরো আবাদ বিঘ্নিত হয়। ভরা বোরো মৌসুমে ধানের বীজতলা এবং ফসল রোপণ করতে পারছে না স্থানীয় কৃষকরা। মত্স্য খামার মালিক আখতার হোসেন জানান, স্থানীয় মাছের ঘাটতি পূরণ এবং বেকার সমস্যা লাঘবের জন্য বাঁধ নির্মাণ করে মত্স্য চাষ করা হয়েছে। সেখানে কৃষকদের কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। তবে একশ্রেণির স্বার্থলোভী মানুষ অযথা সমস্যা সৃষ্টি করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, খাল দখলের বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে।

ইত্তেফাক/নূহু