উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে সোমবার দিবাগত রাত দুইটায় একটি বসতঘরে ডাকাতি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। হাটহাজারী পৌর এলাকার ফায়ার সেন্টার সংলগ্ন জনৈক প্রবাসী মোশারফের ১তলা বিশিষ্ট ভবনে এ ঘটনা ঘটে। তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
ডাকাতির শিকার পরিবারের সদস্য বিলকিস (৬০) বেগম বলেন, রাত দুইটার দিকে ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা আমি, আমার স্বামী মিজানুর রহমান (৭৫), বোনের ছেলে আলমগীর ও তার স্ত্রী, পুত্রবধূকে মুখে স্কচ টেপ ও হাত পেছনে বেধে রাখে। আমি ধস্তাধস্তি করলে তাদের একজন আমাকে লাথি দেয় ও বোনের ছেলে আলমগীরকে লোহার রড় দিয়ে আঘাত করে। তারা সবাই মুখোশ পরিহিত সাথে কিরিস ও তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতদল ঘরের আসবাপত্র ভেঙে তছনছ করে এবং আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও তিনটি মোবাইল নিয়ে যায়। তিনি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএম।
