কামারখন্দে শিশু নির্যাতনের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৩:২২
 
সিরাজগঞ্জের কামারখন্দে শিশু নির্যাতনের অভিযোগে খালিদ হোসেন খোকন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত খালিদ হোসেন খোকন উপজেলার বড়কুড়া গ্রামের আজিজুল হক সরকারের ছেলে। নির্যাতনের শিকার শিশু রিফাতের বাবা মুকুল হোসেন বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করার পর খোকনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান।
 
উল্লেখ্য, গত রবিবার বিকেলে রিফাত বাড়ির পাশে খোকনের জমি থেকে একটি মুলা তোলে। খোকন শিশুটিকে হাত পা বেধে জমিতে নিয়ে গিয়ে বেদম মারপিট ও জোরপূর্বক তার মুখে মুলা ঢেলে দিয়ে বলে 'মুলা তুলেছিস মুলা খা'। নির্যাতনের এক পর্যায়ে শিশু রিফাত জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘটনার দিন সন্ধ্যায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশু রিফাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
ইত্তেফাক/জামান