চাকরির বয়স ৩৫ এর দাবিতে কিশোরগঞ্জ-যশোরে মানববন্ধন বুধবার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৫
চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর করার দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২৭ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও যশোর প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজর করা হয়েছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই মানববন্ধন ও সমাবেশে অংশ নিবেন।
 
বাংলাদেশ ছাত্র পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি সঞ্জয় দাস এক বিবৃতিতে জানান, বুধবার সকাল ১১টায় চাকরিতে আবেদনের বয়স ৩০ বছর থেকে বৃদ্ধি করে নূন্যতম ৩৫ বছরে উন্নীত করার দাবিতে ওই দুই জেলার  বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী মানববন্ধন ও সমাবেশ পালন করবে। কিশোরগঞ্জ জেলার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
IMG0
বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনকারীদের মতে চাকরিতে আবেদনের বয়সসীমা নির্দিষ্ট করে দেওয়া একজন নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ছাড়া আর কিছুই নয়। কেননা একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের যে কোন বয়সে চাকরিতে আবদনের স্বাধীনতা থাকা উচিত। বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ থাকলে একজন নাগরিক তো আর তার দেশকে সেবা দেওয়া বন্ধ করেন না, তাহলে দেশ কেন তাকে সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করবে।
 
ইত্তেফাক/এমআই