শিবালয়ে কালভার্টের মুখ ভরাটের অভিযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৬:০৫
 
মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া-মাচাইন সড়কের দড়িকয়রা কালভার্টের মুখে মাটি দিয়ে ভরাটের অভিযোগ ওঠেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
 
জানা গেছে, উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া থেকে হরিরামপুর উপজেলার মাচাইন পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তায় প্রত্যহ বিভিন্ন প্রকার কয়েকশ' যানবাহন চলাচল করে। এ সড়কের দড়িকয়রা কবরস্থানের পশ্চিমে অবস্থিত কালভার্টের উত্তর পাশে ব্যক্তি মালিকানাধীন জায়গা মাটি ভরাটের ঘটনায় উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ বিভিন্নদপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়। দীর্ঘদিন যাবত এ মাটি ভরাট প্রক্রিয়া চললেও 'অজ্ঞাত কারণে' তা বন্ধে কোন উদ্যোগ না নেয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়রা জানায়, বর্ষাকালে ইছামতি নদী ও বৃষ্টির পানি এ কালভার্টটি আমডালা, কয়ড়া, দড়িকয়রা, রূপসাসহ বিভিন্ন এলাকার ফসলি জমিতে প্রবেশ ও বের হওয়ার একমাত্র উপায় হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ভূমি মালিক ওয়াজেদ আলী ও তার ভাই জসিম উদ্দিন মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। কালভার্টের মুখ বন্ধ হলে পানি নিষ্কাসন চরম বাঁধা ও স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি আশঙ্কায় ভুক্তভোগী কৃষক ও সর্বসাধারণের পক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ করা হয়। ভূমি মালিক ওয়াজেদ আলী জানান, নিজস্ব জায়গায় মাটি ভরাট করা হচ্ছে।
 
উলাইল ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান ইত্তেফাককে জানান, স্থানীয় কৃষক ও বাসিন্দারা তেমন সোচ্চার না হওয়ায় মাটি ভরাট বন্ধ হয়নি। শিবালয় উপজেলা প্রকৌশলী মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর জানান, মাটি ভরাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিভাগীয় কর্মকর্তাদের বলা হবে।
 
ইত্তেফাক/জামান