নারায়ণগঞ্জ কারাগারে পোশাক কারখানা উদ্বোধন বুধবার

কয়েদিদের তৈরি পোশাক বিদেশে রফতানি হবে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৯:০৮
 
নারায়ণগঞ্জ কারাগারে প্রতিষ্ঠিত পোশাক কারখানা বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কয়েদিদের সাবলম্বী করার লক্ষ্যে এ কারখানা নির্মাণ করা হয়েছে। সেখানে উৎপাদিত পোশাক বিদেশে রফতানি করা হবে বলে জানা গেছে। 
 
দাগি আসামিরা বিভিন্ন মেয়াদে কারাগারে অবস্থান করেন। অতীতে দেখা গেছে বিভিন্ন কারণে সাজাপ্রাপ্ত অনেক আসামি সাজা শেষে কারাগার থেকে যখন বের হয় তখন তারা আবারো অপরাধ জগতে জড়িয়ে যান। তাছাড়া অনেক পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি কারাগারে থাকার ফলে তাদের পরিবারের সদস্যরাও মানসিক ও আর্থিক কষ্টে দিনাতিপাত করে। অথচ আধুনিক উন্নত দেশে বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সমাজে পুর্নবাসন করার মূল প্রতিষ্ঠান হলো কারাগার। 
 
স্বাধীনতার ৪৬ বছর পরও কারাগার শব্দটি মানুষের জন্য এক আতংকের নাম। দেশে এই প্রথম নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মো. রাব্বি মিয়ার উদ্যোগে ব্যবসায়ী, সমাজসেবী ও দানশীল ব্যক্তিদের সহায়তায় কয়েদিদের সাবলম্বী করার লক্ষ্যে জেলা কারাগারে রিজিলিয়ান্স নামীয় পোশাক ও জামদানি তৈরির কারখানা নির্মাণ করা হয়েছে। বুধবার জেলা কারাগারের ভেতরে প্রতিষ্ঠিত এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 
 
ইতোমধ্যে মিনি গার্মেন্টেস ও কারখানার নির্মাণ শেষ হয়েছে। কারখানা চালু হলে অন্তত ৩ শতাধিক কারাবন্দী অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এছাড়া উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করারও পরিকল্পনা চলছে। 
 
এ বছরের ৩০ মে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে ‘কারা পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। একইসঙ্গে কারাগারের অভ্যন্তরে বন্দি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং মিনি গার্মেন্টসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর কারা অভ্যন্তরে শুরু হয় মিনি গার্মেন্টস নির্মাণের কাজ। 
 
এ ব্যাপারে তিনি মঙ্গলবার বলেন, 'চলতি বছর কারাগার পরিদর্শনকালে হাজতি ও কয়েদিদের সাথে কথা বলে বুঝতে পারি অনেকেই স্বাভাবিক জীবনে আসতে চান। তাই তাদের সাবলম্বী করার লক্ষ্যে কারাগারের অভ্যন্তরে সাত হাজার বর্গফুটের জায়গাটিতে গার্মেন্টস ইন্ড্রাস্টি করার চিন্তা করি। কয়েদিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিকেএমইএ সকল প্রকার সহযোগিতা করতে রাজি হয়।
 
ইত্তেফাক/আরকেজি