কক্সবাজারে শীর্ষ ১১ ছিনতাইকারীসহ আটক ১৪

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৯:০৮
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ১১জন ছিনতাইকারীসহ ১৪ জন আসামি গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতদের কাছ থেকে ৮টি ছোরা, ৮টি মুখোশ ও ৫টি লোহার রড উদ্ধার করা হয়। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর ভোর রাত ৪টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত শহরে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে কক্সবাজার পৌরসভর কবিতা চত্বরের পূর্বপাশে ঝাউবাগানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ উল্লেখিত ডাকাতদের আটক করা হয়।
 
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, আটক ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আলাদাভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র মামলা রুজু করে রিমান্ডের প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, কক্সবাজার শহর ও শহরতলীর পর্যটকসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে পুলিশের বিভিন্ন টিমের প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে।
 
ইত্তেফাক/এমআই