অ্যাম্বুলেন্সে করে মদ আনা হয়েছে, আর হাসপাতালে আয়োজিত পার্টিতে নাচছেন রাশিয়ান বেলি ড্যান্সার! না কোনো কমেডি সিনেমার গল্প নয়, সত্যি সত্যি এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সরকারি লালা লাজপাত রাই মেডিকেল কলেজে।
সোমবার সেখানে ১৯৯২ সালের ব্যাচ ২৫ বছর পূর্তি উপলক্ষে পার্টি আয়োজন করে। সেই পার্টিতেই এই নাটকীয় ঘটনার অবতারণা। নিজস্ব সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্যাম্পাসের ভেতরেই অতিথিদের মদ দিয়ে আপ্যায়ন করা হয়, সন্ধ্যার দিকে রাশিয়ান বেলি ড্যান্সার আসার পর পার্টি জমে উঠে।
ঘটনা প্রকাশিত হওয়ার পরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। ঘটনার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলেজের প্রিন্সিপাল। মেডিক্যাল কলেজের তদারকি প্রিন্সিপাল বিনয় আগারওয়াল বলেছেন, ‘এমন ঘটনার কথা আমি জানতাম না। আমি এও জানি না, আয়োজকরা অ্যাম্বুল্যান্সটি হাসপাতাল থেকে নিয়েছিলেন নাকি বাইরে থেকে কোনও বেসরকারি অ্যাম্বুল্যান্স তাঁরা ভাড়া করে এনেছিলেন।’
তবে উত্তরপ্রদেশ সরকারের মেডিক্যাল শিক্ষা দফতরের ডিরেক্টর জেনারেল চিকিৎসক কে কে গুপ্তা বলেছেন, ‘আমি অবাক হয়ে গিয়েছি। তদন্তের নির্দেশ দিয়েছি। আমি ওই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে যত তাড়াতাড়ি সম্ভব জবাবদিহি চেয়েছি। দোষী প্রমাণিত হলে কলেজের প্রিন্সিপালকেও কড়া শাস্তি পেতে হবে।’
ইত্তেফাক/সাব্বির
