পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত হাবিব তালুকদার হত্যা মামলার ২ নম্বর আসামি ধানী শাফা ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তুষখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুলনার আড়াইশো বেড হাসপাতাল ভর্তি করে।
আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য ইদ্রিস তালুকদার শাফা ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় পথে বুড়িরচর গ্রামের তুষখালী লঞ্চঘাট এলাকায় ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা অতর্কিতে হাতুড়ি পেটা করে হাত-পা ভেঙে এলাকার শহিদুল তালুকদারের বাড়ির পিছনে ফেলে যায়।
ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা মামলার জের ধরে প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
