জয়পুরহাট সদরের বুজরুক ভারুনিয়া গ্রামের তিনটি বাড়িতে গতকাল মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ডাকাতরা অস্ত্রের মুখে গৃহকর্তাদের জিম্মি করে স্বর্ণালঙ্কার সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ডাকাতির শিকার পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ওই গ্রামের বিভুদান সরদার ও দিলীপ আইনদীর বাড়িতে ১৪/১৫ জনের একদল ডাকাত মুখোস পড়া অবস্থায় প্রাচীর টপকিয়ে প্রবেশ করে। এরপর দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে গৃহকর্তা বিভুদান সরদার ও তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। কিছু বুঝে ওঠার আগে কানের রিং ও গলার চেইন খুলে নেয়। স্বর্ণ ও টাকা খোঁজার জন্য ঘরের আসবাবপত্র তসনস করে। দিলীপ আইনদীর স্ত্রী তপদী আইনদী বলেন, 'ওয়ারড্রবের সকল জিনিসপত্র তসনস করে কিছু না পেয়ে গলার চেইন ছিঁড়ে নিয়ে যায়। চিৎকার শুনে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
অপরদিকে, একই এলাকার পাশের বানারশি গ্রামের বিপুল চন্দ্র মণ্ডলের বাড়ির প্রাচীর টপকিয়ে ১৪/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে গৃহকর্তা বিপুলকে মারপিট করে গলায় চাকু ধরে। এখান থেকে তিন লাখ টাকা মূল্যের ৫/৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের হাতে চাকু, রড, ছোরাসহ দেশীয় অন্যান্য অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শী নৃপেন্দ্রনাথ কর্মকার জানান।
এ বিষয়ে জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই এলাকায় ছিনতাই, চুরি ঘটনার পর এবার ডাকাতির ঘটনা ঘটলো বলে এলাকাবাসী অভিযোগ করেন।
ইত্তেফাক/জামান
