গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে পিযুষ ঢালী (২০) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। তিনি কোটালীপাড়া উপজেলার পীড়ার বাড়ি গ্রামের হরিপদ ঢালীর ছেলে এবং মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ।
মঙ্গলবার গভীর রাতে পীড়ার বাড়ি গ্রামের রানা মিয়ার ইরি ব্লকের বীজ তলা ইদুঁরের উপদ্রব ঠেকাতে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।রাতের বেলা বিলে মাছ ধরতে গিয়ে তিনি ওই তারে জড়িয়ে পড়েন।
কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আজ বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে
