মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা উচিত হবে না ট্রাম্পের:পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:৪৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘ম্যাজিক ম্যান’। তার উচিত হবে না মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করা। একইসঙ্গে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘পলিটিকো’ ম্যাগাজিনকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বুধবার সাক্ষাত্কার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে পলিটিকো।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, অভিবাসীদের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে যুক্তরাষ্ট্র। তাই অভিবাসীর সংখ্যা সীমিত করার বাসনা ট্রাম্প প্রশাসনের ত্যাগ করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও নীতি অনুসরণ করা।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে বিপুল পরিমাণ সহায়তা দেওয়ায় ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, মিয়ানমারের সেনা নেতৃত্ব ও অপরাধের জন্য দায়ী অন্যদের ওপর আরো অবরোধ আরোপ করা উচিত যুক্তরাষ্ট্রের, যাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার বিচার করা হয়।