আগামী ৩১ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভার স্থান বদল করে কেন্দ্রীয় ঈদগাহে নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত এসএসএফ কর্মকর্তারা। ওই সভা থেকেই জনসভার ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার জানান, প্রথমে জনসভার স্থান নির্ধারণ করা হয়েছিল যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম। সেই অনুযায়ী প্রস্তুতিও নেয়া হচ্ছিল। বুধবার বিকেলের ওই বৈঠক থেকে প্রধানমন্ত্রীর জনসভার জন্য নির্ধারিত স্থান স্টেডিয়ামকে উপযুক্ত হিসেবে বিবেচনা করেননি নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা। ফলে জনসভার স্থান বদল করে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহে নির্ধারণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদু্ল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রায়হান, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ প্রমুখ। বৈঠক শেষে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন যশোর জেলা আওয়ামী লীগের নেতারা।
ইত্তেফাক/ইউবি
