শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২০:০৭
 
সাভার উপজেলার আশুলিয়ায় নিজ বাসা থেকে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম সুমাইয়া আক্তার (১১)। সে স্থানীয় জুয়েল মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।
 
মঙ্গলবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকার মোখলেস মিয়ার ভবনের নীচ তলার একটি কক্ষ থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে। নিহত সুমাইয়া জামালপুর জেলার মাদারপুর উপজেলার কান্দনগাড়ি গ্রামের সুলতান মিয়ার মেয়ে।
 
সুলতান মিয়া জানান, তিনি, তার স্ত্রী ও বড় মেয়ে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। ছোট মেয়ে সুমাইয়া একাই বাসায় থাকতো। প্রতিদিনের মতো মঙ্গলবারও সুমাইয়া বাড়িতে অবস্থান করছিল। রাত ৮টার দিকে তার মা কর্মস্থল থেকে বাসায় ফিরে এসে দরজা বন্ধ দেখতে পায়। পরে জানালা দিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাকেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় তার ঘরে টেলিভিশন চলছিল।
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 
 
ইত্তেফাক/আরকেজি