পুড়ে ছাই ৬ হাজার মুরগির বাচ্চা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০৯:২১
 
সাভারে একটি ফার্মে অগ্নিকাণ্ডে ৬ হাজার মুরগির বাচ্চা ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন খামারটিতে কর্মচারীরা মুরগির বাচ্চাদের ভ্যাকসিন দিচ্ছিলেন। হঠাৎ ব্রুডার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। 
 
মুরগির সেড কাগজ, চটের কাপড়, তুষ ও ব্রুডারের উচ্চ তাপমাত্রার কারণে মুহুর্তের মধ্যে আগুন ফার্মটিতে ছড়িয়ে পড়ে। এতে ফার্মে থাকা ৬ হাজার মুরগির বাচ্চা পুড়ে যায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফার্মটির মালিক।
 
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং ব্রুডার ঘরের অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুনের সূত্রপাত ঘটেছে।
 
ইত্তেফাক/আরকেজি