তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার নয়, বিএনপির নেতারাই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে। তার শরীরের তাপমাত্রা কতটুকু বাড়ল বা কমল তা নিয়ে তারা দিনে দুবার সংবাদ সম্মেলন করেন।’
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে একবার সংবাদ সম্মেলন করেন। আবার বিকালে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করেন। ড. হাছান বলেন, বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়ার চিকিত্সার মধ্যে আটকে গেছে। তারাই তার চিকিত্সা সেবার মাধ্যমে রাজনীতি করে তামাশার নাটক করছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সভাপতি মো. মুনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
