বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচিকে ছেলেখেলা বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য তিনি কমিউনিস্ট পার্টির (সিপিবি) কড়া সমালোচনাও করেছেন। তিনি বলেন, বামদলগুলোর দু-চারজন নেতা ছাড়া কিছু নেই। তারা কিছুই করতে পারে না। দুই চারজন নেতা আছে, তাদের বাঁচতে হয়। এ জন্যই এসব করা। তারা যেটা করেছে, এটা ননসেন্স।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে দুর্বলতা রয়েছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা ছেলে-খেলার মত আচরণ।
এর আগে বুধবার ব্যাংক ও আর্থিক খাতে অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ ব্যাংকের শাখা ও ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম সংগঠনগুলো। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম মোর্চার প্রধান সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
ইত্তেফাক/এমআই
