উত্তরের মানুষ এরশাদের পরিবার থেকেই জাপার উত্তরাধীকারী চায় :কাদের

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:৫০

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ যতদিন বেঁচে আছেন ততদিন তিনিই আমাদের নেতা। উত্তরাঞ্চলের মানুষ মনে করেন এরশাদের অবর্তমানে জাপার নেতৃত্ব তাঁর পরিবার ও রংপুর থেকেই হতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, সাধারণ মানুষ মনে করে ঐতিহাসিকভাবেই নেতৃত্বে রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এরশাদের বংশ পরম্পরায় জাপার নেতৃত্ব আশা করেন তারা। কারণ, উত্তরাঞ্চলের মানুষের একমাত্র ভরসার জায়গা হচ্ছে জাপা। জাপার ভালোমন্দের সঙ্গে তাদের জীবন জড়িত। তাই উত্তরাঞ্চলের মানুষ চায় জাপার নেতৃত্ব উত্তরবঙ্গ থেকেই আসুক।

মতবিনিময়ে জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক ও হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ শফি, যুগ্ম-দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।