সীমান্ত দিয়ে আসছে চোরা গরু, ক্ষতির শিকার কৃষক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১০:৩১
 
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় গরু-মহিষ আনার সময় পদচারণয় শতাধিক কৃষকের ফসল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। প্রতি রাতে চোরাকারবারিরা ওই সীমান্ত দিয়ে শত-শত গরু-মহিষ ফসলের মাঠ দিয়ে আনার কারণে এ ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা।
 
জানা গেছে, এবারের বর্ষায় সর্বগ্রাসী বন্যায় ওই এলাকার কৃষকদের আমন চাষে ক্ষতি হওয়ায় সেটি পুষিয়ে নিতে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্নে সর্বস্ব খুইয়ে সমস্ত জমিতে আগাম জাতের সরিষার চাষ করেন তারা। আর তখন থেকেই চোরাই পথে হরহামেশায় ভারত থেকে গরু-মহিষ আনা অব্যাহত থাকায় প্রতি রাতে চোরাকারবারিদের অত্যাচার ও গরু মহিষের পদচারণয় তাদের সীমাহীন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
 
সম্প্রতি সাপাহার প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক ওই এলাকায় সরেজমিনে গেলে কলমুডাঙ্গা গ্রামের কৃষক এমদাদুল হক, জালাল উদ্দীন, হাবিবুর রহমান, আ. খালেক শাহিন আলম, ফারুক হোসেন, সোলাইমান আলী, সাইদুর রহমান, ইয়াছিন আলী, আ. রশিদ, আফজাল হোসেন, মামুন হোসেন, কছিমুদ্দীন, ও আলোম সহ শত শত কৃষক সাংবাদিকদের সামনে তাদের ক্ষতির কথা স্মরণ করে হাউমাউ করে কেঁদে ফেলেন। এ সময় সীমান্ত রক্ষীবাহিনী কোন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তাদের প্রতি নানা অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন ওই কৃষকেরা।
 
এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল আমিন বলেন, আমরা বিজিবি সংখ্যায় অনেক কম, চোরাকারবারিদের কবল থেকে কৃষকের ফসল রক্ষার জন্য আমরা সবসময় কৃষকের সহযোগিতা চেয়েছি কিন্তু কৃষক আমাদের কোন সহযোগিতা না করে উল্টো আমাদেরকে দোষারোপ করছে। কৃষকের সহযোগিতা পেলে প্রয়োজনে আমারা চোরাকারবারিকে রুখতে পারবো এবং একটি পাখিও ভারত থেকে আসতে দিব না।
 
IMG0
 
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সাথে কথা হলে তিনি ঘটনার কথা স্বীকার করে কৃষকদের সাথে একত্মা প্রকাশ করেন এবং বিজিবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। চোরাকারবারিদের কবল থেকে কৃষক তাদের মাঠের ফসল রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
 
ইত্তেফাক/জামান