পঞ্চগড়ের বোদা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে এ ভোট গ্রহণ চলছে। দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বোদা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১শ' ৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪শ' ৪৫ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৭শ' ১৯ জন। তীব্র শীত উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদান করছেন। ভোট শুরুর আগে থেকেই ভোটাররা লাইনে এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। ভোট কেন্দ্রের বাইরেও প্রার্থীদের সমর্থকদের প্রচুর ভিড় দেখা গেছে।
সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বিজিবি, পুলিশ ও আনসার সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। এছাড়া ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, ৩টি র্যাবের ইউনিট, ৯টি পুলিশের মোবাইল টিম এবং ৩টি স্ট্রাইকিং ফোর্স পুরো পৌর এলাকায় টহলে রয়েছেন।
রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন- নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন- বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা (নৌকা), বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হকিকুল ইসলাম (ধানের শীষ), বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান (নারিকেল গাছ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম (হাতপাখা)।
ইত্তেফাক/জামান
