টঙ্গীতে অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:৪৯
জেলার টঙ্গীর এরশাদনগর এলাকায় আজ ভোর ৬টার দিকে বসত বাড়িতে আগুন লেগে রানা মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা মনির মিয়া (৪০) ও ভাই রাজীব মিয়া (১৬) অগ্নিদগ্ধ হয়। মৃত রানা এরশাদনগরের বাসিন্দা, মনির হোসেনের পুত্র। সে স্থানীয় তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
 
স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৬টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ২নং মসজিদ গলিতে মনির মিয়ার বসত বাড়িতে আগুন লাগে। এ সময় ঘুমিয়ে থাকা মনির মিয়া ও তার এক ছেলে রাজীব মিয়া অগ্নিদগ্ধ হয় ও আরেক ছেলে রানা মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার আতিকুল ইসলাম জানান, আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২টি ঘর, ৫টি দোকানসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসস
 
ইত্তেফাক/এমআর