একসাথে তিন সন্তান প্রসব !

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৮
 
একটি নয় দুটিও নয়, একসাথে তিন কন্যা সন্তান প্রসব করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার সারলডাঙ্গা গ্রামের আবদুল্লাহিল কাফীর স্ত্রী শ্যামলী বেগম (২১)। গতকাল বুধবার সন্ধ্যার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এই সন্তানগুলো প্রসব করেন।
 
শ্যামলীর স্বজনরা জানান, শ্যামলীর অবস্থা খুব আশঙ্কাজনক ছিলো। তাকে মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সালেহা জেসমীন বলেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তারা এখন ঝুঁকিমুক্ত।
 
২৬ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. ওস্তুম আলী বলেন, সময়ের আগেই ৩৪ সপ্তাহ বয়সে জন্ম নেয় ওই তিন কন্যা সন্তান। জন্ম নেয়া তিন নবজাতকের প্রথমটির ওজন পৌনে দুই কেজি, দ্বিতীয়টি দুই কেজি এবং তৃতীয় নবজাতকের ওজন দেড় কেজি হয়। তারা সুস্থ আছে বলেও জানান তিনি।
 
ওই তিন নবজাতকের বাবা আবদুল্লাহিল কাফী বলেন, আমি খুবই খুশি। পরিবারের সবাই খুব আনন্দিত। বাড়ি গিয়ে আকিকা দিয়ে সাত দিনের মধ্যে নবজাতকদের নাম রাখবো।
 
ইত্তেফাক/জামান