জয়পুরহাটে ২৪ ঘণ্টার ব্যবধানে গতকাল বুধবার রাতে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ২১ ভরি স্বর্ণালঙ্কার সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পাইকরদাড়িয়া গ্রামের অখিল চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে প্রাচীর টপকে কৃষক অখিল চন্দ্র মণ্ডলের বাড়িতে ১৮/২০ জনের সশস্ত্র একদল ডাকাত প্রবেশ করে। তাদের হাতে ছিল রামদা, চাকু, ধারালো রড, তালা কাটার বিশেষ যন্ত্র। কিছু বুঝে ওঠার আগেই গৃহকর্তা অখিল চন্দ্র সহ পরিবারের অন্যান্য সদস্যদের হাত বেঁধে ফেলে। ঘণ্টাব্যাপী তাণ্ডবে ডাকাতরা ২১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ২৪ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও কাঁসার মূল্যবান জিনিষপত্র লুট করে পালিয়ে যায়। মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে অখিল চন্দ্র জানায়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে জয়পুরহাট সদরের বুজরুক ভারুনিয়া গ্রামের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ইত্তেফাক/জামান
