নোয়াখালী শহরের মাইজদীর ইসলামিয়া রোডে এক অগ্নিকাণ্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মসজিদসহ ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পেছনের গোডাউনে বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ক্লাবের অধীন ৭টি দোকান ও ৫টি বিভিন্ন মালামালের গোডাউন এবং পার্শ্ববর্তী মসজিদ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাব ভবন ও আসবাবপত্র, গোডাউনে সংরক্ষিত মুদি, ফল, টাইলস, ফোম মালামাল ও স্টেশনারি, বই, কম্পিউটার, মুদি ও টাইলসের দোকান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা শহর ও চৌমুহনী এবং কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন জানিয়েছেন, ক্লাবের প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে একটি টাইলস দোকান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সরদার ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল প্রমুখ।
ইত্তেফাক/কেকে
