বোদায় আওয়ামী লীগের প্রার্থী মেয়র নির্বাচিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:১৪
 
পঞ্চগড় জেলার বোদা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা ৫ হাজার ২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
 
তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান ৪ হাজার ১৯৬ ভোট পান। বিএনপি দলীয় প্রার্থী বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হকিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩১৪ ভোট। 
 
বৃহস্পতিবার রাতে বোদা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) থেকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন। 
 
এ সময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহামদ, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি