গত ২০ ডিসেম্বর নগরীর মানিকপীর সড়ক থেকে চুরি হয় এনটিভি'র সিলেট প্রতিনিধি মারুফ আহমদের মোটরসাইকেল। এ ঘটনার আট দিন পর গত পরশু বুধবার নগরীর তালতলায় মোটর সাইকেলেটির সন্ধান মিলেছে। পুলিশের এক উপপরিদর্শক (এসআই)-এর কাছে মিললো চুরি হওয়া মোটরসাইকেল।
মোটরসাইকেলসহ ওই এসআই সমীরণ সিংহকে কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি গৌছুল হোসেন। সমীরণ সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ের আবাসিক কর্মকর্তা (আরও) হিসেবে কর্মরত আছেন।
মারুফ আহমদ জানান, ২০ ডিসেম্বর মানিকপীর সড়কের একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাঁর ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি মামলা করেন তিনি।
বুধবার সন্ধ্যার দিকে নগরীর তালতলার দিলশাদ সিনেমা হলের পাশের একটি ওয়ার্কশপে অন্য একটি মোটরসাইকেল মেরামত করাতে যান মারুফ। এর কিছুক্ষণ পর সময় এসআই সমীরণ চুরি যাওয়া মোটরসাইকেল নিয়ে ওই ওয়ার্কশপে আসেন। সাথেসাথে বিষয়টি মারুফ তাঁর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুর রহমান খানকে জানান।
শফিকুর রহমান ফোর্স নিয়ে এসে সমীরণকে থানায় নিয়ে যান। এ সময় মোটরসাইকেলটিও উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এসআই সমীরণ সিংহকে কোতয়ালি থানার একটি কক্ষে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি গৌছুল হোসেন জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে বলেন সমীরণকে ক্লোজড করা হয়েছে । বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল চুরির সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
ইত্তেফাক/নূহু
