কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটকের ১৫ ঘণ্টা পর ভারতীয় দুই ব্যক্তিকে ফেরত দিলেন বিজিবি। দুই দেশের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার নাখারজান সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর-৯৪০ এর কাছে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয় কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক ও ভারতের পক্ষে নেতৃত্ব দেয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীনে সাবরি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ইয়ালপ বর্মণ।
পতাকা বৈঠক শুরু হয় সকাল সাড়ে ১১টা এবং শেষ হয় ১১টা ২০ মিনিটে। পতাকা বৈঠক শেষে বিজিবি আটক ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সুকারুকুটি অঞ্চলের সেউটি-২ গ্রামের মৃত রমজান আলীর ছেলে হযরত আলী (৫০) একই গ্রামের হোসেন আলীর ছেলে মিলন মিয়াকে (২৫) বিএসএফের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার বিদ্যাবাগীশ সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৪১ এর সাব পিলার নম্বর ৩ এসের নিকট দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে গংগাহাট ক্যাম্পে বিজিবির টহলরত সদস্যরা দুই ভারতীয় ব্যক্তিকে আটক করে ক্যাম্পে রাখা হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক ও গংগাহাট ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
