কুমিল্লায় নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬
 
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে বুড়িচং থানা পুলিশ তাকে উপজেলা সদর থেকে গ্রেফতার করে। তিনি জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা ও কুমিল্লা মহানগরের নেতা এবং নাশকতা ও ভাংচুরসহ তিন মামলার পলাতক আসামি। 
 
জানা গেছে, বুড়িচং থানার এসআই ইকতার হোসেনের নেতৃত্বে একটি দল শুক্রবার দুপুরে উপজেলা সদরের আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করে। 
 
বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভাংচুরসহ দুটি এবং বুড়িচং থানায় একটি বিস্ফোরক আইনসহ তিনটি মামলা রয়েছে। এ তিনটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি ও বুড়িচং থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি