সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৮
 
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে আছাদুর রহমান (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় এ ঘটনাটি ঘটে।
 
নিহত আছাদুর রহমান কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
 
স্থানীয়রা জানান, শ্যামনগরের নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় আছাদুর রহমানের একটি মৎস্য ঘের রয়েছে। রাত ৯ টার দিকে তিনি বাইসাইকেলে যোগে ঘেরে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলায়, বুকে ও পায়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকার শুনে এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ডা.আয়ুব আলীর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
 
তিনি আরো জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
 
ইত্তেফাক/কেকে