হাটহাজারীতে পৃথক তিনটি অভিযানে ৫২টি ইয়াবা ও ৬৬ লিটার চোলাই মদসহ মো. জাহেদুল ইসলাম (২৯), মো. আলমগীর (২৬), মো. জসিম প্রকাশ হিরু (১৯) ও মো. আকাশ (২০) নামে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জাহেদুল ইসলামকে ৫২টি ইয়াবা, মো. আলমগীরকে ৪০লিটার এবং মো. জসিম প্রকাশ হিরু ও মো.আকাশকে ২৬লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। এসব ঘটনায় হাটহাজারী মডেল থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।আটককৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার কর্তব্যরত অফিসার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, থানার এসআই খোরশেদ আলম, মো. নাজমুল হাসান ও এএসআই কামরুজ্জামান শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ পূর্ব মেখল হাসিমার পুল এলাকা থেকে জাহেদুল ইসলামকে ৫২টি ইয়াবাসহ আটক করেন। ইতোপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি ওই এলাকার ফজল রহমান সূফী সাহেবের বাড়ির জেবল হোসেনের ছেলে। একইদিন সকাল ৭টায় উপজেলার নাজিরহাট ফরেস্ট অফিসের সামনে থেকে থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর কবির ও এসআই জালাল উদ্দিন মো. আলমগীরকে ৪০ লিটার চোলাই মদসহ আটক করেন। তিনি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল এলাকার আকবর আহমদের ছেলে।
অপরদিকে শুক্রবার দিবাগত রাত ৩টায় এসআই জাহাঙ্গীর আল আমান, এএসআই ইব্রাহীম, ফরিদ ও কামরুজ্জামান হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের চারা বটতল এলাকা থেকে হিরু ও মো.আকাশকে ২৬লিটার চোলাই মদসহ আটক করেন। আটককৃত হিরু রাঙ্গামাটি জেলার কাউখালী থানাধীন বেতবুনিয়া এলাকার মৃত এসকান্দরের ছেলে ও আকাশ রাউজান উপজেলার সুলতানপুর এলাকার জামান চৌধুরীর ছেলে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
