রংপুরের পীরগাছায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব পাঠক শিকড় গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব পাঠক শিকড় গ্রামের ওয়াহেদ মণ্ডলের ছেলে অপু মিয়ার সঙ্গে ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল গ্রামের আজিম মিয়ার মেয়ে সাগরিকার ৪ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। ঘটনার দিন শুক্রবার আবারো যৌতুকের জন্য সাগরিকাকে মারপিট করে। পরে এ ঘটনার জের ধরে শনিবার ভোরে স্বামী অপু মিয়া ও তার পরিবারের লোকজন সাগরিকাকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পার্শ্ববর্তী বাড়ির দুইজনকে আটক করা হলেও অপু ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট করে লাশ মর্গে প্রেরণ করেছে।
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএম।
